আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব। ১১ জুন পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবার ১২টি গ্রুপে মোট ৪৮টি দেশ লড়বে বিশ্বের সেরার মুকুট জয়ের জন্য। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে আয়োজক দেশ মেক্সিকো। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এ গ্রুপের সেই ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে।
বিশ্বকাপ মানেই আবেগ। বিশ্বকাপ মানেই কোটি কোটি মানুষের স্বপ্ন, অপেক্ষা আর উন্মাদনা। আর সেই উন্মাদনার আঁচ এবার টিকিটের বাজারেও স্পষ্ট। উদ্বোধনী ম্যাচের সর্বনিম্ন মূল্যের আতিথেয়তা-সহ টিকিটের দাম ১১৬,০০০ মেক্সিকান পেসো। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬ লক্ষ ৪২ হাজার টাকা। সংখ্যাটা শুনে অনেকের চোখ কপালে উঠতেই পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, তবু টিকিটের চাহিদা তুঙ্গে। কারণ, এখানে মানুষ শুধু একটি ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছে না; তারা কিনে নিচ্ছে এমন এক অভিজ্ঞতা, যা হয়তো জীবনে একবারই আসে।
ফুটবলপ্রেমীদের কাছে ফিফা বিশ্বকাপের ম্যাচ মাঠে বসে দেখার সুযোগই এক স্বপ্নপূরণ। আর সেই অভিজ্ঞতা যদি হয় ফিফা প্যাভিলিয়ন হসপিটালিটি প্যাকেজের মাধ্যমে, তবে তা নিঃসন্দেহে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে উঠতে পারে।
ফিফা প্যাভিলিয়ন অতিথিদের জন্য রয়েছে প্রিমিয়াম আসন ব্যবস্থা, যেখান থেকে মাঠের প্রতিটি মুহূর্ত উপভোগ করা যাবে খুব কাছ থেকে। একই সঙ্গে হসপিটালিটি জোনে সহজ প্রবেশের সুবিধাও থাকছে, যা পুরো অভিজ্ঞতাকে আরও আরামদায়ক ও বিশেষ করে তুলবে ।
ম্যাচের দিন অতিথিদের স্বাগত জানানো হবে উৎসবমুখর পরিবেশে। বিশ্বকাপের আবহ, রঙিন আয়োজন এবং আন্তরিক অতিথি-পরিষেবা শুরু থেকেই এক অনন্য অনুভূতির জন্ম দেবে। পুরো সময় জুড়ে অতিথি-সহায়তা পরিষেবা থাকায় দর্শকরা নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন ফুটবলের মহোৎসব।
খাবার ও পানীয়ের ব্যবস্থাও এই প্যাকেজের অন্যতম আকর্ষণ। বিশেষভাবে সাজানো গুরমে স্ট্রিট ফুড স্টেশনগুলিতে বিভিন্ন অঞ্চলের স্বাদ ও ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যাবে । পাশাপাশি থাকছে বিশেষ ককটেল, বাছাই করা বীয়ার ও ওয়াইন এবং বিভিন্ন সফট ড্রিঙ্কসের সমৃদ্ধ আয়োজন, যা ম্যাচ-দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলবে ।
শুধু খেলা নয়, দর্শকদের জন্য থাকছে নানা ধরনের বিনোদন ও ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা। থিমভিত্তিক জোন, লাইভ এন্টারটেইনমেন্ট, আকর্ষণীয় ফটো-অপর্চুনিটি এবং বিশেষ কার্যক্রম বিশ্বকাপের স্মৃতিকে আরও রঙিন করে তুলবে। পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে এই মুহূর্তগুলি হয়ে উঠতে পারে সারাজীবনের সম্পদ।
অতিথিরা পাবেন একটি বিশেষ স্মারক উপহার, যা ভবিষ্যতে এই অসাধারণ দিনের স্মৃতি মনে করিয়ে দেবে। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চের সঙ্গে জড়িয়ে থাকা এমন একটি স্মারক যে কোনও ফুটবল সমর্থকের কাছে অমূল্য সম্পদ।
যদিও এই প্যাকেজে পার্কিং সুবিধা অন্তর্ভুক্ত নয়, তবুও প্রিমিয়াম আতিথেয়তা, বিশ্বমানের খাবার, বিশেষ বিনোদন এবং অসাধারণ ম্যাচ-দেখার অভিজ্ঞতা সেই অভাবকে সহজেই ম্লান করে দেয়।
যারা জীবনে অন্তত একবার বিশ্বকাপকে সবচেয়ে বিশেষ উপায়ে উপভোগ করতে চান, তাদের জন্য এটি হতে পারে এক আজীবনের স্মৃতি, বিশ্ব ফুটবলের ইতিহাসের অংশ হয়ে ওঠার এক বিরল অভিজ্ঞতা, যা বহু বছর পরেও একই আবেগে হৃদয়ে জায়গা করে থাকবে।
সব মিলিয়ে, ফুটবল আজ এক প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট প্যাকেজ , যাকে ঘিরে এই যুদ্ধের অবহেও আগামী দুই মাস মেতে থাকবে সারা বিশ্ব।

