HS result Hoogly

শুভজিৎ বসু, হুগলী: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ্যে ফের সাফল্যের মুখ দেখল হুগলীর শ্রীরামপুর মহকুমা। মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছে হুগলীর শ্রীরামপুর রমেশচন্দ্র হাই স্কুলের ছাত্রী মেঘা মজুমদার। ৪৯২ নম্বর পেয়ে সে সার্বিক মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে। অন্যদিকে হুগলীর মাহেশ শ্রীরামকৃষ্ণ মিশনের ছাত্র অনুরাগ গাঙ্গুলী ৪৯১ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে।
হুগলীর শ্রীরামপুরের চাঁতরার বাসিন্দা মেঘা জানায়, ভালো পরীক্ষা দিলেও এতটা সাফল্য আশা করেনি। তার কথায়, “খুবই ভালো লাগছে। পরিবার, শিক্ষক-শিক্ষিকারা সবাই খুব খুশি।” ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে সিভিল সার্ভেন্ট হতে চায় সে। পাশাপাশি ইকোনমিক্স নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার ইচ্ছেও রয়েছে। পড়াশোনার নির্দিষ্ট সময় না থাকলেও নিয়মিত দীর্ঘ সময় পড়াশোনা করত বলে জানায় মেঘা। অবসর সময়ে আঁকা, গান, দাবা খেলা ও সিনেমা দেখতে ভালোবাসে সে।
মেঘার মা বলেন, “ওর আশা ছিল ৪৮৭ নম্বর পাবে। কিন্তু এতটা ভালো ফল করবে ভাবিনি। আমরা খুব খুশি। মেয়ে ভবিষ্যতে সিভিল সার্ভেন্ট হতে চায়। ওর স্বপ্নই আমাদের স্বপ্ন।”
অন্যদিকে বৈদ্যবাটির বাসিন্দা অনুরাগ গাঙ্গুলীও নিজের সাফল্যে খুশি। সে জানায়, সময় মেপে নয়, ইচ্ছেমতো পড়াশোনা করত। দিনে গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা পড়ত। ভবিষ্যতে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করে অধ্যাপক হতে চায় অনুরাগ। আগামী দিনের পরীক্ষার্থীদের উদ্দেশে তার বার্তা, “টেক্সট বই খুব খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই সাফল্য আসবে।”
দুই পড়ুয়ার এই সাফল্যে খুশির আবহ পরিবার, স্কুল সহ গোটা এলাকায়।

About The Author


Discover more from Jist Feed

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

You missed