মাদ্রিদে স্পেনের সংসদে দেওয়া সাম্প্রতিক ভাষণে পোপ লিও বিশ্বকে একটি “গভীর সংকটের” মুখোমুখি বলে সতর্ক করেছেন। তাঁর বক্তব্য শুধু ধর্মীয় আহ্বান ছিল না, বরং বর্তমান আন্তর্জাতিক রাজনীতির প্রতি একটি স্পষ্ট বার্তা। যুদ্ধ, রাজনৈতিক মেরুকরণ, মানবাধিকারের অবনতি এবং অভিবাসী সংকট—এই চারটি বিষয়কে সামনে এনে তিনি বিশ্বনেতাদের নতুন করে আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন।
স্পেনের সংসদে পোপ লিওর ভাষণ ছিল মূলত বর্তমান বিশ্বের জন্য একটি সতর্ক সংকেত। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ক্রমবর্ধমান যুদ্ধ, অস্ত্র প্রতিযোগিতা, রাজনৈতিক বিভাজন এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় বিশ্বকে আরও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।
পোপের বক্তব্যের একটি বড় অংশ ভারতের ঐতিহ্যগত কূটনৈতিক অবস্থানের সঙ্গে সাযুজ্যপূর্ণ। ভারত স্বাধীনতার পর থেকেই আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, কূটনৈতিক সংলাপ, বহুপাক্ষিক সহযোগিতা এবং রাষ্ট্রগুলির সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের নীতি অনুসরণ করে এসেছে। ভারতের প্রাচীন দর্শন “বসুধৈব কুটুম্বকম” সমগ্র মানবজাতিকে এক পরিবার হিসেবে দেখার শিক্ষা দেয়। জি-২০ সম্মেলনে ভারত এই দর্শনকে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
পোপ লিও কোনও দেশ বা নেতার নাম সরাসরি উল্লেখ করেননি। কিন্তু তাঁর বক্তব্যের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে।
প্রথমত, ইউরোপের দ্রুত সামরিকীকরণ এবং প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির সমালোচনা করে তিনি পরোক্ষভাবে ইউরোপীয় শক্তিগুলির দিকে আঙুল তুলেছেন। সাম্প্রতিক বছরগুলোতে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং নিরাপত্তা উদ্বেগের কারণে ইউরোপের বহু দেশ সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। পোপ মনে করেন, অস্ত্রের প্রতিযোগিতা দীর্ঘস্থায়ী শান্তির পথ নয়।
দ্বিতীয়ত, তাঁর বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে বিশেষ করে আমেরিকা-ইসরায়েল-ইরান উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। ফলে তাঁর “অস্ত্র কখনও স্থায়ী শান্তি আনতে পারে না” মন্তব্যকে অনেক বিশ্লেষক ওই সংঘাতের প্রতিও একটি পরোক্ষ বার্তা হিসেবে দেখছেন।
তৃতীয়ত, অভিবাসীদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে তিনি ইউরোপ ও উত্তর আমেরিকার কড়াকড়ি অভিবাসন নীতির বিরুদ্ধেও নৈতিক অবস্থান নিয়েছেন।
এই ভাষণের রাজনৈতিক তাৎপর্য
বর্তমান বিশ্বব্যবস্থা একাধিক সংকটের মুখোমুখি। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, চীন-আমেরিকা প্রতিযোগিতা, অভিবাসী সংকট এবং ক্রমবর্ধমান songhat বিশ্বকে আরও বিভক্ত করছে।
এই পরিস্থিতিতে পোপ লিও সমগ্র বিশ্বের ক্যাথলিক চার্চের অন্যতম প্রধান হিসেবে, বিশ্বের নেতাদের কাছে নৈতিক বার্তা পৌঁছে দিলেন। তাঁর বার্তার মূল কথা হলো—শক্তির রাজনীতি নয়, সংলাপ ও মানবিক মূল্যবোধই দীর্ঘমেয়াদি শান্তির ভিত্তি।
এই ভাষণ কি বিশ্বশান্তি ফিরিয়ে আনতে পারবে?
পোপের হাতে কোনও সামরিক বা রাজনৈতিক ক্ষমতা নেই। তিনি কোনও যুদ্ধ থামাতে পারেন না বা রাষ্ট্রগুলিকে বাধ্য করতে পারেন না। তবে ইতিহাস বলছে, ভ্যাটিকানের নৈতিক প্রভাব আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পোপের এই ভাষণ বিশ্বনেতাদের উপর নৈতিক চাপ সৃষ্টি করতে পারে, শান্তি আলোচনার পক্ষে জনমত গড়ে তুলতে পারে এবং মানবাধিকার ও অভিবাসন প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। কিন্তু এককভাবে এই বক্তব্য যুদ্ধ থামিয়ে দেবে—এমন আশা করা বাস্তবসম্মত নয়।
পোপ লিও ইউরোপে সামরিক ব্যয় বৃদ্ধির সমালোচনা করেছেন। কিন্তু ভারতের বাস্তবতা ভিন্ন। ভারত এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভূরাজনৈতিক প্রতিযোগিতা এখনও বড় বাস্তবতা। ফলে নয়াদিল্লির কাছে শান্তি ও নিরাপত্তা একে অপরের পরিপূরক। ভারতের কৌশলগত চিন্তায় একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো—”শান্তির জন্য শক্তি”। অর্থাৎ, যুদ্ধ চাওয়া নয়; বরং এমন প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা যাতে যুদ্ধ প্রতিরোধ করা যায়। ভারত মনে করে, কূটনীতি তখনই কার্যকর হয় যখন তার পেছনে বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা সক্ষমতা থাকে।
বর্তমান ভূরাজনীতিতে বিশ্বে দুটি বড় মতাদর্শিক ধারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রথমটি বলছে, অস্ত্র ও সামরিক শক্তি নিরাপত্তার প্রধান গ্যারান্টি। দ্বিতীয়টি বলছে, নিরাপত্তার মূল ভিত্তি হওয়া উচিত ন্যায়বিচার, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা।ভারত দুই ধারার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করার চেষ্টা করে—একদিকে শান্তির আহ্বান, অন্যদিকে জাতীয় নিরাপত্তার প্রস্তুতি। ভারতও অন্যভাবে একই প্রশ্নের উত্তর খুঁজছে। দিল্লির অবস্থান হলো, সংলাপ অপরিহার্য, কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে সংলাপ টেকসই হয় না। ভারতও অন্যভাবে একই প্রশ্নের উত্তর খুঁজছে। দিল্লির অবস্থান হলো, সংলাপ অপরিহার্য, কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে সংলাপ টেকসই হয় না। ফলে পোপ লিও এবং ভারতের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ এক নয়, আবার সম্পূর্ণ বিপরীতও নয়। উভয়েই শান্তিকে লক্ষ্য হিসেবে দেখে; পার্থক্য হলো সেই শান্তি অর্জনের পথ নিয়ে।

