Site icon Jist Feed

পুলিশের পরীক্ষা দিতে এসে চুঁচুড়ায় গ্রেফতার দুই: অন্যের হয়ে পরীক্ষা, মোবাইল নিয়ে ঢুকে ধরা পড়লেন যুবকেরা

পুলিশের পরীক্ষা দিতে এসে চুঁচুড়ায় গ্রেফতার দুই: চুঁচুড়া থানা ও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি

চুঁচুড়া, ২৯ নভেম্বর: পুলিশের পরীক্ষা দিতে এসে চুঁচুড়ায় গ্রেফতার হলেন দুই যুবক। কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় একজন অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন বলে অভিযোগ। অন্যজন মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকে ধরা পড়েন।

দেখুন: শুভজিৎ বসুর ভিডিও প্রতিবেদন

অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধৃত

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিশিকান্ত বিশ্বাস নামে এক যুবক তালডাঙা গড়বাটি স্কুলের পরীক্ষাকেন্দ্রে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীর ছবির সঙ্গে তাঁর চেহারার মিল না থাকায় তাঁকে আটক করা হয়।

মোবাইল নিয়ে ঢুকে ধরা পড়লেন আরেকজন

চকবাজারের বিএড কলেজের পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিতে ঢুকে ধরা পড়েন সুখেন ঘোষ নামে আরেক যুবক। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তিতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর-সহ কোনও বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে ঢোকা নিষেধ বলে আগেই জানানো হয়েছিল। এমন কিছু সঙ্গে পাওয়া গেলে পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, সে কথাও বলা ছিল।

সোমবার আদালতে তোলা হবে ধৃতদের

দু’জনকেই চুঁচুড়া থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, দু’জনের বিরুদ্ধে মামলা রুজু করে তাঁদের গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হবে।

চুঁচুড়া থানা এলাকার ১১টি কেন্দ্রে এ দিন পুলিশের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩,৭৫০ জন।

আরও পড়ুন: চন্দনফিলেক্স ২০২৬: চন্দননগর কলেজে ডাকটিকিট প্রদর্শনী, প্রবর্তক সংঘকে নিয়ে বিশেষ খাম

প্রতিবেদন ও ভিডিও: শুভজিৎ বসু, চুঁচুড়া।

Exit mobile version